বাংলাদেশ সময়
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৯: ৪৫
![]() |
বিএনপির ডাকা অষ্টম দফার অবরোধকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে ছয়টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী ও সিরাজগঞ্জে নাশকতার এসব ঘটনা ঘটেছে। এর মধ্যে নারায়ণগঞ্জে ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ট্রাকে আগুন লাগার পাশাপাশি দগ্ধ হন ট্রাকচালকের সহকারী।
অবরোধের মধ্যে গতকাল রাজশাহী শহরে দুই দফা ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। বেলা সাড়ে ১১টা দিকে প্রথমে রাজশাহী আদালত চত্বরে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরিত হলেও এ ঘটনায় কেউ হতাহত হননি। এরপর বেলা পৌনে দুইটার দিকে রাজশাহী শহরের গৌরহাঙ্গা মোড়ে ককটেল হামলা চালানো হয়। দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে একটি ইজিবাইকের চালক ও যাত্রী আহত হন। এ ছাড়া গতকাল দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর-পাবনা মহাসড়কে বাস ও মাইক্রোবাস ভাঙচুর করে দুর্বৃত্তরা।
এ ছাড়া রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে গতকাল বিকেলে ককটেল বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা বলছেন, দুর্বৃত্তরা তাঁদের দিকে ককটেল ছুড়েছে।
অবরোধে নাশকতার এসব চিত্রের উল্টো দিকে ঢাকাসহ বিভাগীয় সব শহরে যান চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। বিশেষ করে সকালে অফিস শুরু ও বিকেলে অফিস শেষ হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট ছিল। ট্রেন ও লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক।
সংখ্যায় কম হলেও রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। তবে দূরপাল্লার বাসে যাত্রী ছিল কম। গতকাল দুপুর ১২টার দিকে গাবতলী টার্মিনালে গিয়ে দেখা যায়, বিভিন্ন বাস কোম্পানির টিকিট বিক্রির কাউন্টারগুলো খোলা। সেখানে কথা হয় বাসযাত্রী সারাফত আলীর সঙ্গে। তিনি যাবেন রংপুরে। সারাফত বলেন, ‘সাড়ে ১১টার দিকে আসছি। বাস একটায় ছাড়বে বলছে।’
গাবতলীতে হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার মো. শাহরিয়ার প্রথম আলোকে জানান, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁদের দুটি বাস ছেড়ে গেছে। এর একটি বরিশালে, অন্যটি খুলনায় গেছে। তবে যাত্রী কিছুটা কম ছিল।
গাবতলী বাস টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধিরা জানান, সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাবতলী থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে মোট ২৮টি বাস ছেড়ে গেছে। তবে যাত্রী বেশি না থাকায় নির্ধারিত সময়ের পরে বেশির ভাগ বাস ছেড়েছে।
পরিবহনশ্রমিকেরা বলছেন, আগের অবরোধের তুলনায় গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল বেশি দেখা গেছে।
গতকাল বুধবার সকাল ছয়টা থেকে শুরু হয় বিএনপিসহ বিরোধী দলগুলোর অষ্টম দফার অবরোধ কর্মসূচি। ২৪ ঘণ্টার এই কর্মসূচি শেষে আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হচ্ছে হরতাল, যা চলবে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত। বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি এবং হয়রানি বন্ধের দাবিতে হরতালের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
এদিকে অবরোধ–হরতালের সমর্থনে ও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন জোট ও দল গতকাল দুপুরে পুরানা পল্টন, বিজয়নগর, ফকিরাপুল, বায়তুল মোকাররম ও তোপখানা রোড এলাকায় মিছিল–সমাবেশ করেছে। এসব সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার যে নির্বাচনের আয়োজন করেছে, তা শুধু একতরফাই নয়; রীতিমতো ভাগ-বাঁটোয়ারার নির্বাচন।
‘জীবন বাজি’ রেখে বৃহস্পতিবার দেশজুড়ে সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বিকেলে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
অবরোধে যানবাহনে আগুন
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর সায়েদাবাদ এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের নিচে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে গতকাল ভোরেও রাজধানীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর সাড়ে পাঁচটার দিকে শ্যামপুরের দোলাইরপাড়ে তুরাগ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ঢাকার বাইরে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের উত্তর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
এ ছাড়া অবরোধ কর্মসূচি শুরুর আগের রাতে (মঙ্গলবার রাত সাড়ে নয়টা) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি চলন্ত ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মো. সায়মন নামে ট্রাকটির চালকের সহকারী দগ্ধ হন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জের কামারখন্দের হাটিকুমরুল এলাকায় আরেকটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আর গতকাল রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর পুঠিয়া এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়।
এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে গতকাল ২৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১৯৩টি যানবাহনে আগুন দেওয়া হলো। এর মধ্যে শুধু রাজধানীতেই ১০১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর বাইরে তিনটি ট্রেনেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ, ফায়ার সার্ভিস সূত্র ও প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে যানবাহনে অগ্নিসংযোগের এই হিসাব পাওয়া গেছে।
https://www.toprevenuegate.com/x3f8kfbsz?key=039da973cc11245d30773ab43feefb03

.jpeg)
.jpeg)
No comments:
New comments are not allowed.